
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় নির্যাতনের শিকার চার বছরের শিশুটিকে দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার (২১ মে) রাতে তিনি হাসপাতালে গিয়ে শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এসময় মেয়র শিশুটির পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘শিশুর প্রতি এ ধরনের নৃশংস ও অমানবিক ঘটনা অত্যন্ত মর্মান্তিক। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কোনো অপরাধী যেন ছাড় না পায়।’
পরে হাসপাতালে চিকিৎসাধীন আহত সাংবাদিকদেরও খোঁজখবর নেন মেয়র। তিনি তাদের চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নগরীর নূর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকার একটি ডেকোরেশনের গুদামে চার বছরের শিশুটিকে ডেকে নিয়ে যায় অভিযুক্ত ব্যক্তি। পরে সেখানে তাকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে বাকলিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে হেফাজতে রাখে।